নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফুটফুটে কন্যাসন্তান। তাও আবার ৬ দিনের সদ্যোজাত। নিজের বাড়ি দেখা সুযোগ হল না তার। কারণ, সদ্যোজাতকে হাসপাতালে ফেলে রেখেই উধাও হয়ে গিয়েছে তার নাবালিকা মা। মায়ের বয়স মাত্র ১২ বছর! অবশেষে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে হোমে গেল সেই সদ্যোজাত কন্যাসন্তান। বৃহস্পতিবার তাকে উত্তর ২৪ পরগনার একটি সদ্যোজাতদের (এসএএ) হোমে পাঠানো হয়েছে। তবে, এখনও তার নাবালিকা মায়ের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিস।
ওই নাবালিকার বাড়ি বাগুইআটিতে। সম্প্রতি, পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষায় গিয়ে প্রথম জানতে পেরেছিলেন, ১২ বছরের নাবালিকা গর্ভবর্তী। গত ২৮ ফেব্রুয়ারি বিধাননগর মহকুমা হাসপাতালে সে কন্যাসন্তানের জন্ম দিয়েছে। কিন্তু, সে কার যৌন লালসার শিকার হয়েছে, তার তদন্তে মঙ্গলবার পুলিস-প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগ। কিন্তু, সেই তদন্তের আগেই মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে উধাও হয়ে যায় ওই নাবালিকা। সে সদ্যোজাতকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই পুলিস একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু, বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই নাবালিকার খোঁজ মেলেনি। সিসি ক্যামেরার বহু ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। সে একা চলে গিয়েছে, নাকি তাকে কেউ সহযোগিতা করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সহেলি রায়চৌধুরী বলেন, ওই সদ্যোজাত কন্যাসন্তানকে হোমে পাঠানোর জন্য আমরা হাসপাতালকে বলেছিলাম আমাদের মেল পাঠাতে। হাসপাতালের সুপার এদিন সকালে মেল করেন। তারপর আমরা হোমের সদস্যদের পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যোজাতকে হস্তান্তর করেছে। ওই সদ্যোজাতকে উত্তর ২৪ পরগনার একটি হোমে রাখা হয়েছে।