নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের চার ‘বিতর্কিত’ শ্রম কোড আইন নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। শুক্রবার ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ওই আইন বাতিল করতে হবে। কারণ, তা দেশের শ্রমিক-কর্মচারীদের স্বার্থের পরিপন্থী। একইসঙ্গে বেবি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে বলেছেন, বিভিন্ন ইস্যুতে আগামী সপ্তাহে দেশের শ্রমিক-কর্মচারীরা সংসদ ভবন অভিযানের যে কর্মসূচি হাতে নিয়েছে, তাতে যেন কোনো বাধা দেওয়া না হয়। আগামী ১ ডিসেম্বর ওই কর্মসূচি পালনে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। সারা দেশে ৩ ডিসেম্বর পর্যন্তই কর্মসূচি চলবে। কেন্দ্রের চার শ্রম কোড আইন প্রত্যাহার করার দাবিই ওই কর্মসূচির অন্যতম প্রধান এজেন্ডা। সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি মোদিকে পাঠানো চিঠিতে লিখেছেন, শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধির সঙ্গে আপনি নিজে কথা বলুন। তাঁদের সমস্যা সম্পর্কে জানুন। সরাসরি তাঁদের স্মারকলিপি গ্রহণ করুন।



