সংবাদদাতা, কালনা: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে শুক্রবার কালনা-১ ব্লকে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক আয়েশা রানি এ। উপভোক্তারা টাকা পাওয়ার পর প্রকৃত ঘর করছেন কিনা তা সরেজমিনে দেখার নির্দেশ দিতেই শনিবার ছুটির দিনেও উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরলেন ব্লকের অফিসাররা। এদিন অফিসারদের সঙ্গে নিয়ে ব্লকের শাঁখাটি, নান্দাই প্রভৃতি বেশ কয়েকটি এলাকায় গিয়ে খোঁজখবর নেন বিডিও। অফিসাররা দেখেন, কেউ কেউ ইট কিনে এনেছেন। কেউ আবার ভিত খোঁড়া শুরু করেছেন। কেউ আবার ইটের বায়না দিয়েছেন। তবে এখনও ডেলিভারি পাননি। সেই কাগজপত্র অফিসারদের দেখান। অফিসাররা পরিষ্কার জানিয়ে দেন, অ্যাকাউন্টে ঢোকা টাকায় দ্রুত ঘরের কাজ করতে হবে। বিডিও সুপ্রতিক সাহা বলেন, বাংলার বাড়ি প্রকল্পে ব্লকে চার হাজার উপভোক্তার নাম রয়েছে। আড়াই হাজার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমরা এদিন বেশ কয়েকটি এলাকায় গিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ পরিদর্শন করেছি।



