Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য দিয়ে জৈবসার বানাচ্ছে দু’টি পঞ্চায়েত

বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য দিয়ে জৈবসার বানাচ্ছে দু’টি পঞ্চায়েত
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার বানাচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকের দু’টি পঞ্চায়েত। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে ওই সার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীকে।
Advertisement
ব্লক প্রশাসন সূত্রে খবর, মণ্ডলঘাট এবং খারিজা বেরুবাড়ি-১ পঞ্চায়েতে এই সার তৈরির কাজ শুরু হয়েছে। এরমধ্যে মণ্ডলঘাট পঞ্চায়েতে ইতিমধ্যেই ২৫০ কেজিরও বেশি সার উৎপাদন হয়েছে। চলতি সপ্তাহ থেকেই ওই সার বিক্রি শুরুর চেষ্টা চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। এদিন দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি মণ্ডলঘাট পঞ্চায়েতে ওই সার তৈরির কাজ দেখতে যান। সারের গুণমান পরীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। এনিয়ে বিডিও বলেন, জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট ও খারিজা বেরুবাড়ি-১ পঞ্চায়েতে বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পচনশীল বর্জ্য দিয়ে আমরা উন্নতমানের কেঁচোসার তৈরির কাজ শুরু করেছি। একাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট জায়গায় পিট রয়েছে। সেখানেই বর্জ্য পচানো হচ্ছে। তার মধ্যেই ছাড়া হচ্ছে বাইরে থেকে কেনা কেঁচো।
বিডিও’র দাবি, গুণমানের দিক থেকে খুবই উৎকৃষ্ট হচ্ছে ওই সার। ইতিমধ্যেই আমরা পরীক্ষামূলকভাবে তা ব্যবহার করেছি। আগামী দিনে অন্যান্য পঞ্চায়েতেও এভাবে সার তৈরি করা যায় কি না, তা দেখছি। সার বিক্রি করে যে অর্থ আসবে, তা উন্নয়নের কাজে লাগাবে সংশ্লিষ্ট পঞ্চায়েত।
সম্পর্কিত সংবাদ