Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ে থেকে বাঁচতে পালিয়ে মাসির বাড়ি নাবালিকাকে উদ্ধার করল পুলিস

বিয়ে থেকে বাঁচতে পালিয়ে মাসির বাড়ি নাবালিকাকে উদ্ধার করল পুলিস
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। তা থেকে বাঁচতে মাসির বাড়ি পালিয়েছিল নাবালিকা। পরিবারের তরফে অপহরণের মামলা রুজু করা হয়। শনিবার রাতে মুরুটিয়া থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করল।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৭বছর ন’মাস বয়সি ওই নাবালিকা হরিহরপাড়ার বারুইপাড়া স্কুলের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের লোকজন স্থানীয় ৪০বছর বয়সি এক পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বিয়েতে অমত থাকায় নিরুপায় হয়ে দিন কুড়ি আগে টিউশন পড়তে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে সে মুরুটিয়া থানার কেচুয়াডাঙায় তার মাসির বাড়ি চলে আসে। খোঁজ পেয়ে বাবা-মা তাকে বাড়ি ফেরানোর চেষ্টা করেন। এমনকী, মেয়েকে বাড়ি পাঠানোর জন্য তার মাসিদেরও বলেন। কিন্তু ওই নাবালিকা মাসিদের জানায়, বাড়ি ফিরে গেলে সকলে জোর করে তার বিয়ে দিয়ে দেবে। শেষ পর্যন্ত নাবালিকার বাবা-মা হরিহরপাড়া থানায় অপহরণের মামলা করেন। 
এদিন পুলিস মুরুটিয়া থানার সাহায্যে নাবালিকাকে মাসির বাড়ি থেকে হরিহরপাড়ায় নিয়ে আসে। বাড়ি ফিরতে রাজি না হওয়ায় তাকে হোমে পাঠানো হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে। নাবালিকার মা জানান, একটা ভালো পাত্র পেয়ে মেয়ের বিয়ে ঠিক করি। মেয়ে বিয়ে না করে পড়তে চায়। আমরা ভুল বুঝতে পেরেছি। মেয়ে যেখানে থেকে পড়তে চাইবে, সেখানেই থাকুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ