সংবাদদাতা, ইসলামপুর ও করণদিঘি: একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৪ টি তাজা কার্তুজ, একটি চোরাই বাইক ও একটি ছোট গাড়ি উদ্ধার করল ডালখোলা থানার পুলিস। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিস। ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা জানান, বৃহস্পতিবার রাতে পুলিস অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ চোরাই সামগ্রী উদ্ধার করেছে।
Advertisement
অতিরিক্ত পুলিস সুপার শুক্রবার জানান, গোপন সূত্রে খবর পেয়ে লালগঞ্জের আমলাবাড়ি এলাকায় মহম্মদ সাকির আলমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ৯ ইঞ্চি ও ৩১ ইঞ্চির দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেইসঙ্গে ৪ টি তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। নম্বর প্লেটবিহীন একটি বাইক ও একটি গাড়ি উদ্ধার হয়েছে। সাকির আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি আগে থেকে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিস। একই রাতে ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত ব্যক্তি সাহেব খান লালগঞ্জ লাগোয়া এলাকার বাসিন্দা। বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও নম্বর প্লেটবিহীন গাড়ি উদ্ধারে তাজ্জব এলাকাবাসী। ধৃত সাকির আলম এসব জিনিস দিয়ে কী করতো? উঠছে প্রশ্ন। অতিরিক্ত পুলিস সুপার ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ্য’ বললেও গোয়েন্দাদের অনুমান, বড় ধরনের দুষ্কৃতী গ্যাংয়ের সঙ্গে জড়িত ধৃত মহম্মদ সাকির আলম। অপরাধমূলক কাজের জন্যই অবৈধ আগ্নেয়াস্ত্র, নম্বর প্লেটবিহীন বাইক এবং গাড়ি বাড়িতে রাখত। সে নিজে তা ব্যবহার করত কিংবা দুষ্কৃতীদের তা ভাড়া দেওয়া হতো। ধৃত মহম্মদ সাকির আলমকে ইসলামপুর মহকুমা আদালতে তুলে ৬ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। সাহেব খানকেও ২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।



