সংবাদদাতা, কান্দি: কান্দি রাজ কলেজের পর এবার শহরের আরও একটি কলেজ ন্যাকের তালিকায় বি পজেটিভ গ্রেড পেল। যা ঘিরে খুশি দেখা গিয়েছে কলেজ কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীদের মধ্যে। গত ২৯ নভেম্বর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল এই গ্রেড প্রকাশ করে সার্টিফিকেট ইস্যু করে কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজের নামে। কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ও ২০ নভেম্বর ওই সংস্থার তিন সদস্যের টিম কলেজে পৌঁছে বিভিন্ন পরিকাঠামো, পড়াশুনার বিষয়ে মূল্যায়ন করে। এরপর কলেজের নামে বি পজেটিভ লেটার গ্রেড র্যাঙ্ক ইস্যু করা হয়। যার প্রাপ্ত নম্বর ২.৬১। এই গ্রেড পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা খুশি। কলেজের অধ্যক্ষ অতীশ চন্দ্র ঘোষ বলেন, এই র্যাঙ্ক আমাদের প্রত্যেকের মনে আশা জাগিয়েছে। জেলার অন্যান্য কলেজগুলি থেকে আমাদের র্যাঙ্ক খুব ভাল। এর পিছনে কান্দির বিধায়ক থেকে কান্দি পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির অবদান রয়েছে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, গতবছর কান্দি রাজ কলেজ একই গ্রেড পেয়েছিল। এরপর শহরের আরও একটি কলেজ বি পজিটেভ গ্রেড পাওয়ায় আমরা গর্বিত।



