Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ মেডিক্যাল

বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ মেডিক্যাল
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার মধ্যরাতে হাসপাতালের এসএনসিইউ’র পিছনে জমা জঞ্জালের স্তূপে আগুন লাগে। যেখানে আগুন লেগেছিল, তার থেকে কিছুটা দূরে এসএনসিইউ এবং সুপার স্পেশালিটি ব্লক। কাজেই এই অগ্নিকাণ্ড বড় আকার নিলে কাছে থাকা দোকান-বাজারে তা ছড়িয়ে পড়ে ব্যাপক আকার নিতে পারত বলে দমকল বিভাগ জানিয়েছে। তাতে সঙ্কটে পড়ত এসএনসিইউ’তে চিকিৎসাধীন শিশুরা। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আগুন বড় আকার নেয়নি, কোনও ক্ষয়ক্ষতি হয়নি বরে জানিয়েছে দমকল বিভাগ। 
হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাঃ গৌতম দাস বলেন, এজেন্সির নিরাপত্তা কর্মীদের নজরে আসে এই আগুন। তাঁরা জানিয়েছেন, ঠান্ডা থেকে রেহাই পেতে কেউ বা কারা আগুন পোহাচ্ছিলেন। কিন্তু পরে তা না নিভিয়েই চলে যান। সেখান থেকে জমা জঞ্জালে আগুন ধরে যায়। নিরাপত্তারক্ষীরাই  দমকলে খবর দেন। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। 
তবে তাঁর দাবি, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নিরাপদ দূরত্বেই আগুন লেগেছিল। 
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে না চাইলেও ওয়াকিবহাল মহলের ধারণা, আগুন যদি শুরুতেই নজরে না আসত তাহলে এসএনসিইউ’র গা ঘেঁষে থাকা বাজার চত্বরে আগুন ছড়িয়ে পড়ত। সেখান তা থেকে এসএনসিইউতে ছড়িয়ে পড়তে পারত।
সম্পর্কিত সংবাদ