নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ঘর জুড়ে তখন সাজো সাজো রব। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা! বরবেশে ছেলেকে নিয়ে যখন সকলে ব্যস্ত তখনই ঘরের ভিতর থেকে উধাও নববধূকে আশীর্বাদ করার জন্য বানানো লক্ষ লক্ষ টাকার গয়না! এমন ঘটনা ঘটেছে শান্তিপুর থানা এলাকার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। পুলিস দু’জনকে আটক করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেসি দাস রোড এলাকার বাসিন্দা মির সৌরভ সিদ্দিকির সোমবার বিয়ে ছিল। নববধূর জন্য বাড়ির লোক বেশকিছু সোনার গয়না তৈরি করে রেখেছিল। তার মধ্যে একটি ২৫ গ্রামের সোনার হার এবং ১ ভরি ওজনের একজোড়া কানের দুল ছিল। বিয়ের সময় আশীর্বাদে সেই গয়না ছেলের বাড়ির তরফে নতুন বউয়ের হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ে ছেলে বিয়ে করতে বের হওয়ার ঠিক আগেই। হার এবং কানের দুলের বাক্স নিতে ঘরে ঢুকে দেখা যায়, নির্দিষ্ট স্থানে গয়নার বাক্স থাকলেও তার ভিতরে গয়না নেই। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও গয়নার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের তরফে দ্রুত শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। তদন্ত শুরু করে পুলিস। মঙ্গলবার দু’জন আটক করেন তদন্তকারীরা। এদিকে, বিয়ে করতে যাওয়ার আগেই লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি গয়না চুরির ঘটনায় মাথায় হাত বরের পরিবারে। বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায়। চুরি যাওয়া গয়নার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বিষয়টি নিয়ে বর মির সৌরভ সিদ্দিকি বলেন, বিয়ে করতে যাওয়ার আগে ঘরে ঢুকে দেখি, বাক্স দুটো আছে, কিন্তু গয়না নেই। অথচ তার কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল। আমরা চাই, এই গয়না চুরির সঙ্গে যুক্তকে পুলিস ধরে শাস্তির ব্যবস্থা করুক। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ওই গয়না তৈরি করেছিলাম। কিন্তু, নতুন বউকে সেই গয়না দিতে পারলাম না। এর থেকে দুঃখের আর কী হতে পারে? সারাজীবন এই ঘটনা আমাকে তাড়া করে বেড়াবে।
প্রাথমিক তদন্তে পুলিসরে অনুমান, আগত অতিথিদের মধ্যে কেউ ওই গয়না সরিয়ে থাকতে পারে। সন্দেহজনক দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করা যায়নি বলেই খবর।।
প্রাথমিক তদন্তে পুলিসরে অনুমান, আগত অতিথিদের মধ্যে কেউ ওই গয়না সরিয়ে থাকতে পারে। সন্দেহজনক দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করা যায়নি বলেই খবর।।



