Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ে করার প্রস্তাব প্রত্যাখান প্রেমিকের, জিয়াগঞ্জে আত্মঘাতী কিশোরী, চাঞ্চল্য

বিয়ে করার প্রস্তাব প্রত্যাখান প্রেমিকের, জিয়াগঞ্জে আত্মঘাতী কিশোরী, চাঞ্চল্য
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ভালোবাসার অভিনয় করে প্রেমিকার রিল ভিডিও ভাইরাল করে বিখ্যাত হতে চেয়েছিল প্রেমিক। পরিবারের লোক জানতে পেরে বিয়ের প্রস্তাব দিলে টালবাহানা করে বলে অভিযোগ। প্রেমিকা বিয়ের ব্যাপারে ফোনে জানতে চাওয়ায় সরাসরি নাকচ করলে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন প্রেমিকা। আমুইপাড়া উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির মৃত ছাত্রীর নাম রিয়া মণ্ডল(১৭)। বাড়ি জিয়াগঞ্জ থানার বাগডহরা। অভিযুক্ত যুবকের বাড়ি জঙ্গিপুর। ওই যুবককে মৃত্যুর জন্য দায়ী করে থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিয়াগঞ্জের ওই যুবকের সঙ্গে পরিচয় হয় রিয়া মণ্ডলের। সম্পর্ক ভালোবাসায় পৌঁছয়। প্রেমিকাকে নিয়ে বেশ কয়েকটি রিল ভিডিও বানায় অভিযুক্ত যুবক। মৃতের বাবা রামপদ মণ্ডল বলেন, দিন দশেক আগে আমি ওদের সম্পর্কের কথা জানতে পারি। বিয়ে দিতে রাজি হয়ে ওর বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই। ছেলেটি আমাকে বলে এখন নয়, তিন বছর পর বিয়ে করব বলে টালবাহানা করে। আসলে ওই প্রতারক আমার মেয়ের রিল ভিডিও করে বিখ্যাত হতে চেয়েছিল।
গত মঙ্গলবার সকালে রিয়া মণ্ডল প্রেমিকের সঙ্গে কথা বলে বিয়ের বিষয়ে জানতে চান। বিয়েতে রাজি না হওয়ায় এরপর রিয়া বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। উদ্ধার করে প্রথমে জিয়াগঞ্জ হাসপাতালে সেখান থেকে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হয়। দুপুর নাগাদ চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার বিকেলে সেখানেই মৃত্যু হয় রিয়ার। রামপদবাবু বলেন, আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে চেয়েছিল। আমি থানায় অভিযোগ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ