নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়ি ভাড়া নিয়ে অবৈধ লটারির রমরমা কারবার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বহরমপুরের এসএন বাগচী রোডে একটি বাড়ির একতলায় হানা দেয় পুলিস। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের নাম সৌমিত ঘোষ। তার বাড়ি খাগড়ার জয়চাঁদ রোডে।
Advertisement
বহরমপুর থানার পুলিস জানিয়েছে, গত ছ’মাস ধরে ভুয়ো লটারির অবৈধ কারবার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের মাস্টারমাইন্ড পলাতক। অভিযুক্ত সৌমিতকে জিজ্ঞাসাবাদ করে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শহরের ভিতর ব্যবসার নাম করে বাড়ির একতলা ভাড়া নিয়ে এমন অবৈধ কাজকর্ম চলায় অবাক শহরের বাসিন্দারা। ওই ভাড়াবাড়ি থেকে কম্পিউটার, মোডেম, এক্সটারনাল হার্ডডিস্ক, প্রিন্টার উদ্ধার হয়েছে। এছাড়া দু’টি মোবাইল পেয়েছে পুলিস। বিভিন্ন লটারির নম্বর বদলে দিয়ে বিশেষ নিয়মে এই খেলা চলত। অনেক মানুষ এই খেলার নেশায় সর্বস্বান্ত হয়েছেন। থানার এক পুলিস অফিসার বলেন, আমরা এই লটারি খেলার প্রক্রিয়া জানার চেষ্টা করছি।



