সংবাদদাতা, দিনহাটা: সিতাই উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে শনিবার দিনভর প্রচার করল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকারের নেতৃত্বে গীতালদহে প্রচার করা হয়। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তাঁরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে প্রচার করেন। তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের হয়ে তাঁরা ভোট প্রার্থনা করেন। ৮ নভেম্বর পর্যন্ত টিএমসিপি জেলা সভাপতির নেতৃত্বে এভাবে প্রচার চলবে। টিএমসিপি’র জেলা সভাপতি অনির্বাণ সরকার বলেন, দলের প্রার্থীর জয় সুনিশ্চিত করতেই আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। ৮ নভেম্বর পর্যন্ত বিধানসভা এলাকার বাড়ি বাড়ি প্রচার চালাবেন সংগঠনের কর্মী-সমর্থকরা।



