Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি বাড়ি পানীয় জলের দাবির মধ্যেই শহরে বসতে চলেছে ওয়াটার এটিএম

বাড়ি বাড়ি পানীয় জলের দাবির মধ্যেই শহরে বসতে চলেছে ওয়াটার এটিএম
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: ইতিমধ্যে সব ওয়ার্ডেই বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে জঙ্গিপুর পুরসভা। পাশাপাশি এবার শহর এলাকায় ওয়াটার এটিএম পরিষেবা দেবে পুরসভা। মূলত শহরের জনবহুল মোড় ও এলাকাগুলিতেই এই ওয়াটার এটিএম পরিষেবা মিলবে। আগামী নতুন বছরের শুরুতেই এই পরিষেবা পাবেন শহরবাসী। সামান্য খরচেই মিলবে পরিস্রুত পানীয় জল। এটিএম তৈরির কাজ চলছে জোরকদমে। ফলে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি সাধারণ মানুষও উপকৃত হবেন। যদিও পুরসভার অধিকাংশই ওয়ার্ডেই এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছয় না বলে এলাকাবাসীর দাবি। ফলে ওয়াটার এটিএম পরিষেবার আগে এলাকায় পানীয় জল দেওয়ার দাবি তুলেছেন শহরবাসী। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ইতিমধ্যেই বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশন দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি ওয়াটার এটিএমে ঠাণ্ডা ও গরম জলের পরিষেবা মিলবে। তারজন্য ন্যূনতম পয়সা খরচ হবে। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ শহরের বাসস্ট্যান্ড, এসবিআই মোড়, অফিস পাড়া কোর্ট মোড়, নেতাজি সুভাষ দ্বীপে এই এটিএম বসবে। অপরদিকে গঙ্গানদীর পূর্বপাড়ে জঙ্গিপুরে পুরাতন বাসস্ট্যান্ডে পিডব্লুডি মাঠ সংলগ্ন রাস্তার পাশে, এসবিআই মোড়ে, রাধানগরে ও বরোজ পাঁচমাথা মোড়ে এই এটিএম বসবে। শহরের উভয় পাড়েই মোট দশটি এটিএম বসছে। এটিএমগুলো থেকে ঠান্ডা ও গরমজল মিলবে। মানুষ নিজের প্রয়োজন মতো জল নিতে পারবেন। ফলে গ্রীষ্মকালে তৃষার্ত পথিক যেমন ঠান্ডা জলে তৃষ্ণা মেটাতে পারবেন, তেমনি শীতকালে গরম জলও মিলবে। দু’টাকার কয়েন ফেললেই এক লিটার জল বেরিয়ে আসবে। গ্রাহকদের সঙ্গে জলের বোতল বা পাত্র রাখতে হবে। জঙ্গিপুরের বাসিন্দা সমর বারিক বলেন, নতুন নতুন পরিষেবা দিলে তো ভালোই, তবে এলাকায় জলটা পৌঁছে দেওয়া জরুরি। এলাকায় জল আসে না। পুরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগরের গৃহবধূ হাসিনা বিবি বলেন, এলাকায় কয়েক বছর থেকে জল আসে না। শহর থেকে জল এনে খেতে হয়। শুনছি, এলাকার জলের এটিএম বসবে। তাতেও কিছু মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন, শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে এই পরিষেবা চালু হবে। আশাকরি নতুন বছরেই শুরুতেই শহরবাসীকে এই পরিষেবা উপহার দিতে পারব। চেয়ারম্যান বলেন, আপাতত গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াটার এটিএম পরিষেবা চালু হলেও পরে ধাপে ধাপে ২১টি ওয়ার্ডেই এই পরিষেবা দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ