নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কাজ করছে। আর এই কাজের অগ্রগতির নিরিখে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কোচবিহার জেলা। ৬১.৩২ শতাংশ কাজ হয়েছে এখানে। যা রাজ্যের বাকি জেলাগুলির নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে। রাজ্যের জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে নদীয়া জেলা। সেখানে ৮৭.০২ শতাংশ কাজ হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ৪৮.১৮ শতাংশ কাজ করে দ্বিতীয় স্থানে কালিম্পং, ৪৭.৯০ শতাংশ কাজ করে তৃতীয় স্থানে জলপাইগুড়ি ও ৪২.৮৭ শতাংশ কাজ করে চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং জেলা। ২০২০ সালে এই কাজ শুরু হয়েছিল। আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে দপ্তরের। শনিবার কোচবিহার জেলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। কিন্তু নির্বাচন বিধি থাকার কারণে তিনি কোনও বক্তব্য দেননি।
Advertisement
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে কাজ করছে তাতে রাজ্যে ১ কোটি ৭৫ লক্ষ ২৩ হাজার ২০৩টি পরিবারকে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। তারমধ্যে ইতিমধ্যেই ৯৩ লক্ষ ১২ হাজার ২৩৯টি পরিবারে পানীয় জল পৌঁছে গিয়েছে। সেই হিসেবে ৫৩.৪ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। কোচবিহার জেলার গ্রামীণ এলাকায় ৬ লক্ষ ৯৫ হাজার ১১৪টি পরিবার রয়েছে। তারমধ্যে ইতিমধ্যেই ৪ লক্ষ ২৬ হাজার ২০৯টি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। সেই হিসেবে ৬১.৩২ শতাংশ কাজ শেষ হয়েছে। নদীয়া জেলায় ১১ লক্ষ ৮৮ হাজার পরিবারের মধ্যে ১০ লক্ষ ৩৪ হাজার ৫১৭টি পরিবারে পানীয় জল পৌঁছেছে। সেই হিসেবে এখানে কাজ হয়েছে ৮৭.০২ শতাংশ। আগামী দিনে সব জায়গায় এই কাজ শেষ করে গ্রামীণ এলাকার দ্রুত মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়াই দপ্তরের লক্ষ্য বলে জানা গিয়েছে।



