Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকিস্তানের চর হিসেবে কাজ করত পাসপোর্ট জালিয়াতিতে ধৃত আজাদ, আইএসআইকে তথ্য পাচার করার প্রমাণ ইডির হাতে

পাকিস্তানের চর হিসেবে কাজ করত  পাসপোর্ট জালিয়াতিতে ধৃত আজাদ, আইএসআইকে তথ্য পাচার করার প্রমাণ ইডির হাতে
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক আইএসআইয়ের চর হিসেবে কাজ করছিল। সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য পাক গুপ্তচর সংস্থার নির্দেশমতো তার হয়ে একাধিক এজেন্টও এখানে কাজ করছে। আজাদের বিরুদ্ধে তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে বলে দাবি ইডির। আইএসআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অভিযুক্ত যে চ্যাট করত, তার প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। এদিকে আজাদের পাকিস্তান যোগ মেলায় এনআইএ কর্তারা ইডি আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বলে জানা যাচ্ছে। এবার তাকে এনআইএ জেরা করবে।

Advertisement

মঙ্গলবার ইডি আদালতে দাবি করে, উত্তর ২৪ পরগনা থেকে ধৃত আজাদ মল্লিক আসলে পাক নাগরিক। তার কাছ থেকে পাকিস্তানের একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এরপরই আজাদকে দীর্ঘ জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, এদেশে বসবাস করলেও তার সঙ্গে আইএসআইয়ের শীর্ষ কর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার একটি গ্রুপ রয়েছে। সেখানে ভারতীয় সেনার গতিবিধি, সংখ্যা, কী কী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে, তাই নিয়ে নিয়মিত আলোচনা চলে ও তথ্য পাচার করা হয়। 
তদন্তকারীদের কাছে আজাদ প্রথমে তাদের ভারতীয় হিসাবে দাবি করলেও দীর্ঘ জেরায় ভেঙে পড়ে জানায়, গ্রুপের সকলে আইএসআইয়ের আধিকারিক। সে এখানে চর হিসেবে কাজ করছে। তদন্তকারীদের অনুমান, পাক গুপ্তচর সংস্থার নির্দেশমতো সে ভারতে এসেছিল। পরিচয় যাতে প্রকাশ না পায়, সেজন্য সে নাম বদলে ফেলে। সন্দেহ করা হচ্ছে, তার মাধ্যমে বেশকিছু তথ্য পাকিস্তানে গিয়েছে। পাশাপাশি আজাদ আরও লোক নিয়োগ করেছে। এমনকী সেনাবাহিনীর বেশ কিছু লোকজনের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে সে। সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন কোন তথ্য পেয়ে সে পাচার করেছে, তা জানার চেষ্টা করছে এজেন্সি। 
তদন্তে উঠে এসেছে, সে শুধু অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদেরই ভুয়ো নথি তৈরি করে পাসপোর্টের ব্যবস্থা করে দেয়নি, একইসঙ্গে আইএসআইয়ের নির্দেশমতো পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদেরও জাল ভারতীয় নথি তৈরি করে দিয়েছে। ওই অফিসাররা ভারতে না এসেও নিজের দেশে বসে ভারতীয় আধার ও ভোটার কার্ড ও পাসপোর্ট পেয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের প্রশ্ন, কীভাবে তারা পাসপোর্ট পেয়ে গেল? এক্ষেত্রে নথি যাচাইয়ে কারা ছিলেন, সেটি চিহ্নিত করার চেষ্টা চলছে। পাসপোর্ট নিয়ে ভারতে এসে তারা কোথায় বসে কাজ করছে, সেটি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ