


সংবাদদাতা, নবদ্বীপ: ফের সাফল্য নদীয়ার নবদ্বীপের আয়ুষ ভৌমিকের। এবার বিশ্ব যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে আয়ুষ। ২০২৬ সালে প্রথম বর্ষ বিশ্ব যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছে।
জানা গিয়েছে, অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং যোগাসন ভারতের ব্যবস্থাপনায় প্রথম বর্ষ বিশ্ব যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য একটি সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়। গত ১ মে থেকে ২ মে পর্যন্ত হরিয়ানার সোনিপথে এই সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়। এই ট্রায়ালে আয়ুষ আর্টিস্টিক পেয়ার বিভাগে অংশগ্রহণ করেছিল। আর্টিস্টিক পেয়ার বিভাগের জন্য আয়ুষ ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। আয়ুষ ছাড়াও এ রাজ্য থেকে প্রথম বর্ষ বিশ্ব যোগাসন স্পোর্টস সিলেকশন ট্রায়ালে বিভিন্ন বিভাগে ১২ জন প্রতিযোগী নিজেদের জায়গা করে নিয়েছেন। এই ট্রায়ালে যারা এর আগে খেল ইন্ডিয়া সহ বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়ে সাফল্য অর্জন করেছেন, তারাই এই যোগাসন সিলেকশন ট্রায়ালে ডাক পেয়েছেন। জানা গিয়েছে, আগামী ৪ জুন থেকে ৮ জুন ২০২৬ প্রথম বর্ষ বিশ্ব যোগাসন স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাতের আহমেদাবাদে।
আয়ুষের বাবা ভোলানাথ ভৌমিক ও মা পিঙ্কি ভৌমিক বলেন, আয়ুষ যে বিশ্ব যোগাসন স্পোর্টস প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছে সেই প্রতিযোগিতাটি এ বছরই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। আগামী পাঁচ বছর পরে আবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রতিযোগিতায় আয়ুষ ভালো ফল করে দেশের নাম উজ্জল করবে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আয়ুষ আগামী ১০ মে থেকে ৩ জুন ইন্ডিয়া ক্যাম্পে আয়ুষ অংশ গ্রহণ করবে। নবদ্বীপ হিন্দু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথ গুঁই বলেন, পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রানিরচড়ার বাসিন্দা আয়ুষ ভৌমিক আমাদের নবদ্বীপ হিন্দু স্কুলের দশম শ্রেণির ছাত্র। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় ওঁর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আয়ুষ ভবিষ্যতেও এভাবেই সাফল্যের শিখরে পৌঁছে বিদ্যালয়, নবদ্বীপ, সমগ্র রাজ্য তথা দেশের নাম আরও উজ্জ্বল করবে।