সমীর সাহা, নবদ্বীপ: ফের সাফল্য নদীয়ার নবদ্বীপের আয়ুষ ভৌমিকের। এবার যোগাসন সাব জুনিয়র বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল তিনদিন হরিয়ানার রাই ইউনিভার্সিটিতে এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়। গত ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত হরিয়ানার সাই স্পোর্টস কমপ্লেক্সে দ্বিতীয় বর্ষ এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য ইন্ডিয়া ক্যাম্প চলছে। আগামী ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দ্বিতীয়বর্ষ এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় মালয়েশিয়া, ইরান, জাপান, ভিয়েতনাম সহ ২৬ টি দেশ অংশগ্রহণ করবে।
তবে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নবদ্বীপের আয়ুষ সাব-জুনিয়র বিভাগে অংশ গ্রহণ করবে। তবে প্রতিনিয়ত যেভাবে আয়ুষ বিভিন্ন যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি লড়াই করে চলেছে তাতে আমরা আশাবাদী আগামিদিনে এই প্রতিভাবান খেলোয়াড় দেশের হয়ে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করবে। আয়ুষের বাবা ভোলানাথ ভৌমিক বলেন, আয়ূষের এই সাফল্যে আমরা রীতিমত খুশি। ওর স্বপ্ন যোগাসনে দেশকে পদক এনে দেওয়া। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে আয়ুষ। আমাদের দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে আয়ূষ ওর অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে। আমরাও সেইদিকে তাকিয়ে আছি।
নবদ্বীপ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রানিরচড়ার বাসিন্দা আয়ুষ ভৌমিক। সে নবদ্বীপ হিন্দু স্কুলের নবম শ্রেণির ছাত্র। নবদ্বীপ হিন্দু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথ গুঁই বলেন ,আমাদের বিদ্যালয়ের ছাত্র আয়ুষ ভৌমিক একটি গর্বের অধ্যায় রচনা করেছে। সে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে। আয়ুষ ইতিপূর্বে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছে। তাঁর এই ধারাবাহিক সাফল্য নিষ্ঠা, পরিশ্রম এবং প্রতিভার প্রতিফলন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীরা আয়ুষের এই কৃতিত্বে আনন্দিত ও গর্বিত। আমরা সকলেই তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং আশা করি আন্তর্জাতিক মঞ্চেও সে ভারতের গৌরব বৃদ্ধি করবে। আয়ুষের প্রশিক্ষক স্বপ্না পাল ও সৌমেন দাস বলেন, ওর এই সাফল্যে আমরা খুব খুশি। অনুশীলনের প্রতি খুবই আগ্রহ এবং বাধ্য ছেলে। কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্যই আজ ও এতবড় প্ল্যাটফর্ম পেয়েছে। আগামিদিনে আয়ুষ আরও অনেক পদক দেশকে উপহার দেবে। - নিজস্ব চিত্র