সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলায় আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়ে দেওয়া হল। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। জেলায় ১৭ হাজার ৯১৮ জন উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। প্রশাসন সূত্রে খবর, গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। শর্ত ছিল, ওই টাকায় উপভোক্তদের লিনটন পর্যন্ত গাঁথনি করতে হবে। সেই রির্পোটের ভিত্তিতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাঁদের প্রায় সকলেই শর্ত মেনে লিনটন পর্যন্ত কাজ করেছেন। তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও শর্ত মেনে কাজ করেননি। এইসব উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি। জেলা প্রশাসন সূত্রে খবর, যেসব উপভোক্তা শর্ত মেনে বাড়ির কাজ করেননি তাঁদের অবিলম্বে শর্ত মেনে বাড়ির কাজ শুরু করতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পরেও যদি তাঁরা কাজ না করেন, তাহলে তাঁদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর উপভোক্তাদের বাড়ি তৈরি কাজে তদারকি করার জন্য প্রতিটি ব্লকে বিশেষ দল গঠন করা হবে। যাতে বর্ষার আগে উপভোক্তারা বাড়ির কাজ শেষ করতে পারেন।



