Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিগন্যাল হলুদ হলেই ব্রেকে পা দিন, লেকটাউনে বাস চালকদের নিয়ে সচেতনতা শিবির

সিগন্যাল হলুদ হলেই ব্রেকে পা দিন, লেকটাউনে বাস চালকদের নিয়ে সচেতনতা শিবির
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সবুজ, হলুদ ও লাল– ট্রাফিক সিগন্যালের এই তিন রঙের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু, সবুজের পর সিগন্যাল হলুদ হলে অনেকেই গতি বাড়িয়ে পার হতে যান। তবে অনেক ক্ষেত্রে ক্রসিং পার হওয়ার আগেই সিগন্যাল লাল হয়ে যায়। এর ফলে, যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা! তেমন দুর্ঘটনা এড়াতে বাসচালকদের সরাসরি পরামর্শ দিল বিধাননগর ট্রাফিক পুলিস। লেকটাউনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে বাসচালকদের জানানো হয়েছে, সিগন্যাল হলুদ হলেই ব্রেকে পা দিন। আচমকা গতি বাড়িয়ে পার হতে যাবেন না।

Advertisement

মঙ্গলবার লেকটাউন ট্রাফিক গার্ডের উদ্যোগে বাসচালকদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হয়। সেখানে বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) নিমা নরবু ভুটিয়া সহ পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। বাসচালকদের সঙ্গে বাসমালিক, কন্ডাক্টর এবং পুলকার চালকরাও ছিলেন। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক আইন সহ দুর্ঘটনা সংক্রান্ত কী কী ঝুঁকি রয়েছে, তা চালকদের সরাসরি জানানো হয়েছে। বিশেষ করে, কীভাবে এমন দুর্ঘটনা ঘটে, অতীতের কিছু উদাহরণ দিয়ে সেটাও তাঁদের বোঝানো হয়েছে। যেখানে সেখানে যাত্রী তোলা, নামানোর নিয়েও তাঁদের সচেতন করা হয়েছে। প্রসঙ্গত, যাত্রী তোলার এবং রেষারেষির জন্য অনেক সময় বাস চালকরা সিগন্যাল হলুদ হলেও গতি বাড়িয়ে পার হওয়ার চেষ্টা করেন। তাই বিষয়টি নিয়ে তাঁদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
নিমা নরবু ভুটিয়া বলেন, আমরা এর আগে বাস মালিকদের নিয়ে সচেতনতা শিবির করেছি। লেকটাউনে চালকদের সচেতন করা হল। সিগন্যাল হলুদ হলে যাতে কেউ গতি বাড়িয়ে পার হতে না যান, সেটাই সকলকে বলা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা সব বিষয়গুলি তাদের জানিয়েছি। আমরা নিয়মিত বাসস্ট্যান্ডেও এই নিয়ে সচেতনতা শিবির করছি। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ