সরকারি চাকরিতে অনীহা! পিএসসি পরীক্ষায় অর্ধেকই গরহাজির
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: একদিকে বাড়তে থাকা বেকারত্ব। অন্যদিকে সরকারি চাকরিতে বিপুল সংখ্যক শূন্যপদ। এই অবস্থায় সরকারি চাকরির কোনো পরীক্ষা হলে বেকার যুবক-যুবতীদের মধ্যে তুমুল উৎসাহ-উদ্দীপনা থাকাটাই স্বাভাবিক। সেখানেই এবার কার্যত উলটপুরাণ! সরকারি চাকরির আবেদনকারীদের প্রায় অর্ধেকই গরহাজির থাকলেন পরীক্ষায়। সম্প্রতি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উপস্থিতির গড় হার মাত্র ৫০ শতাংশ। এই তথ্য সামনে আসার পর স্বভাবতই চর্চা শুরু হয়েছে, তবে কি সরকারি চাকরিতে অনীহা বাড়ছে? 

Advertisement

২০২৪ সালের মিসলেনিয়াস সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হয় গত ৪ অক্টোবর। সেই পরীক্ষা দিয়েছেন মাত্র ৫৮ শতাংশ আবেদনকারী। আবেদন করেও পরীক্ষায় বসেনি ৪২ শতাংশ। গত ২৭ সেপ্টেম্বর বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয়। তাতে উপস্থিতির হার ছিল মাত্র ৪৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৭ শতাংশ আবেদনকারী। অর্থাৎ সাম্প্রতিক এই দুটি পরীক্ষায় গরহাজির ছিলেন গড়ে ৫০% আবেদনকারী। 
ক্রমবর্ধমান বেকারত্ব এবং বছরের পর বছর সরকারি পদে নিয়োগ না হওয়ার বিষয়টি গত বিধানসভা নির্বাচনেও অন্যতম ইস্যু ছিল। রাজ্যে কাজের সুযোগ কম থাকায় কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দেওয়া, পরিযায়ী শ্রমিক হিসাবে সমস্যায় পড়ার একাধিক ঘটনায় সরগরম ছিল রাজ্য-রাজনীতি। এই অবস্থায় রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, ২০২৭ সালের ৮মে’র মধ্যে এক লক্ষ স্বচ্ছ নিয়োগ করবে তাঁর সরকার। সেই মতো নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে। এই আবহে পিএসসির দুটি পরীক্ষায় বিপুল সংখ্যক আবেদনকারীর অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশান্তচন্দ্র মহলানবীশ মহাবিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক দেবদ্যুতি কর্মকারের মতে, ‘সরকারি চাকরির স্থায়িত্ব এবং নিরাপত্তা বরাবরই গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে তরুণদের সামনে বিকল্প সুযোগ অনেক বেড়েছে। তাঁরা নিজের উদ্যোগে কিছু করে স্বনির্ভর হতে চাইছেন। তাছাড়া, সাম্প্রতিক বছরগুলিতে নিয়োগ দুর্নীতি এবং চাকরি হারানোর ঘটনায় সরকারি চাকুরেদের সামাজিক সম্মান কিছুটা হলেও প্রশ্নের মুখে।’ তিনি মনে করেন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে কয়েকটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলেই পরিস্থিতির পরিবর্তন হবে। পরীক্ষাগুলিতে কমবে অনুপস্থিতির হার। 
অভিজ্ঞ আমলাদের একাংশের বক্তব্য, গোটা দেশে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত থাকার হার সাধারণত ৩০ থেকে ৩৫ শতাংশ। কিছু ক্ষেত্রে তা ৪০ শতাংশ ছোঁয়। এর অন্যতম কারণগুলি হল, প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া, বাড়ি থেকে অনেক দূরে পরীক্ষাকেন্দ্র বা একই দিনে একাধিক পরীক্ষা পড়ে যাওয়া। ১০-১৫ বছর আগে পশ্চিমবঙ্গে এই ধরনের পরীক্ষায় অনুপস্থিতির হার ৩০ থেকে ৩৫ শতাংশের মধ্যেই থাকত। বর্তমানে তা ৫০ শতাংশে পৌঁছে যাওয়া সত্যিই উদ্বেগের। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতাকেই এই অনীহার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে কাছাকাছি পরীক্ষাকেন্দ্র দেওয়ার মতো পদক্ষেপ করছে কমিশন।