বুয়েনস আইরেস: মৃত্যুর অন্তত ১২ ঘণ্টা আগে থেকে তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে ডিয়েগো মারাদোনাকে। প্রয়াত কিংবদন্তির মৃত্যু রহস্যের কিনারা করতে বুয়েনস আইরেসের আদালতে চলছে শুনানি। শুক্রবার বয়ান দিতে ডাকা হয়েছিল ফরেনসিক বিশেষজ্ঞ কার্লোস কাসিনেল্লিকে। তিনিই ডিয়েগোর মরদেহের ময়নাতদন্ত করেছিলেন। সলিসিটারের সামনে তিনি বলেন, ‘চর্বি ও জমাট বাঁধা রক্তে ঢাকা ছিল মারাদোনার হৃদযন্ত্র। একে ডাক্তারি পরিভাষায় ‘অ্যাকিউট পালমোনারি ওডেমা’ বলা হয়। এই কারণে যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। এই প্রক্রিয়া শুরু হয়েছিল কম করে দশ দিন আগে থেকে। তাই সমস্যাটা ডাক্তারদের চোখে পড়া উচিত ছিল।’ পাশাপাশি তিনি জানান, এই রোগের চিকিৎসা বাড়িতে হয় না। বলাই বাহুল্য, নিযুক্ত চিকিৎসকদের গাফিলতির প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ নভেম্বর নিজের বাড়িতেই মৃত্যু হয় মারাদোনার। তারপরই শুরু হয় বিবিধ জল্পনা। উঠে আসে নানা তথ্য। কয়েকজন তো প্রকাশ্যেই মারাদোনার চিকিৎসকের দিকে আঙুল তুলেছিলেন।



