Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসকর্মীকে মারধর অটোচালকদের, প্রতিবাদে তেহট্টে অবরোধ-বিক্ষোভ

বাসকর্মীকে মারধর অটোচালকদের,  প্রতিবাদে তেহট্টে অবরোধ-বিক্ষোভ
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: বাসকর্মীকে মারধর করার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে তেহট্ট থানার পিডব্লুডি মোড়ে। এই ঘটনার প্রতিবাদে তেহট্টের পিডব্লুডি মোড়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিস। মিনিট কুড়ি ধরে চলে অবরোধ। অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। বাস কর্মীদের দাবি, যদি এই ঘটনায় পুলিস পদক্ষেপ গ্রহণ না করে তবে বড়সড় আন্দোলন করা হবে।

Advertisement

স্থানীয় ও বাস কর্মীদের অভিযোগ, বিকেল ৩টের দিকে কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি যাত্রীবাহী বাস পিডব্লুডি মোড়ে আসে। সেখানে যাত্রীরা ওঠানামা করেন। কিন্তু এদিন সেখানে অটো দাঁড় করিয়ে রেখেছিলেন কয়েকজন অটো চালক। বাস কর্মীদের অভিযোগ, তাঁরা অটো চালকদের  অটো সরিয়ে নেওয়ার কথা বলেন। এই কথা বলতেই এক অটো চালক বাস কর্মীদের খারাপ ভাষায় কথা বলতে থাকেন বলে অভিযোগ। গালিগালাজের প্রতিবাদ করেন বাসকর্মীরা। এরপরই বাসকর্মী প্রসেনজিৎ দাসকে মারধর করেন এক অটো চালক। ঘটনার কথা জানাজানি হতেই অন্যান্য বাসকর্মীরাও সেখানে বাস নিয়ে দাঁড়ান। এরপর অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা অবরোধ শুরু করেন। 
বাসকর্মীরা বলেন, পিডব্লুডি মোড়ে সিভিক মোতায়ন থাকে। তারপরেও বাস দাঁড়ানোর জায়গায় কী করে অটো দাঁড়িয়ে থাকে? প্রসঙ্গত, রাজ্য সড়কে অটো টোটো চালানো বন্ধ করতে বহুদিন ধরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসকর্মী থেকে বাস মালিক সমিতি। তেহট্ট, পলাশিপাড়া থানার বিভিন্ন জায়গায় একই বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ এমনকী পলাশিপাড়া থেকে বিভিন্ন রুটে বেশ কয়েকদিন বাস চলাচল বন্ধও হয়েছে। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। পিডব্লুডি মোড়ে প্রত্যেক দিন অটো দাঁড়িয়ে থাকে। রাজ্য সড়কে যাত্রী তোলে, কিন্তু কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
পুলিস সুত্রে জানা গিয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ