নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ঠাকুরপুকুরে অটোতে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা যাত্রী। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার পোড়া অশ্বত্থতলায়। মহিলা যাত্রীর লিখিত অভিযোগ পেয়ে ৪০ মিনিটের মধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে। ধৃতের নাম নির্মল ছেত্রী (৩৮)। বাড়ি পর্ণশ্রী থানার ১০ নম্বর ডায়মন্ডহারবার রোডে।
প্রাথমিক তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ জানতে পেরেছে, মহিলা অটোতে চেপে তারাতলা থেকে ঠাকুরপুকুরের পোড়া অশ্বত্থতলা যাচ্ছিলেন। ঘড়িতে তখন দুপুর দু’টো। মহিলা তাঁর লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন, তিনি অটোচালকের পাশের সিটে বসেছিলেন। অটো চলতে শুরু করতেই অটোচালক নানা অছিলায় তাঁর শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করতে শুরু করে। তিনি আপত্তি জানালে উল্টে কটূক্তি করা হয়। এমনকি অপমান করে অটো থেকে নেমে যেতে বলা হয়।এরপরই ওই মহিলা স্থানীয় ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ঠাকুরপুকুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত অটোচালক নির্মল ছেত্রীকে গ্রেফতার করে। উল্লেখ্য, এই প্রথম নয়। চলতি বছরের ১৮ মার্চ ঠাকুরপুকুর থানার ডায়মন্ডহারহার রোডে এক নাবালক ছাত্রীর এই কায়দায় অটো চালকের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঠাকুরপুকুর থানা অভিযুক্ত চালককে গ্রেফতার করে।
এদিকে, ধৃত অটোচালককে সোমবার দুপুরে আলিপুর আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।