সংবাদদাতা, বর্ধমান: আউশগ্রাম থানা এলাকায় ট্যাঙ্কারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘের্ষ ট্যাঙ্কারের খালাসির মৃত্যু হয়েছে। মৃতের নাম সুমন্ত ঢাঙ(৩০)। বাঁকুড়ার ঘটকগ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ট্যাঙ্কারে করে তিনি যাচ্ছিলেন। আউশগ্রাম থানা এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে ট্যাঙ্কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সুমন্ত গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিস তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভর্তির ঘণ্টাখানেক বাদে তিনি মারা যান। পুলিস দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে।
Advertisement
মেমারিতে পুকুরে পড়ে মৃত্যু: মেমারি থানার শ্রীধরপুরে পুকুরে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম খোকন রী(৪৫)। পরিবারের দাবি, তাঁর মৃগী রোগ ছিল। বুধবার সন্ধ্যায় পুকুর পাড়ে তিনি টয়লেট করতে যান। সেই সময় মৃগী রোগে আক্রান্ত হলে তিনি পুকুরের জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের অস্বাভাবিক মৃত্যু: অন্য একটি ঘটনায়, মেমারি থানার পাল্লারোডে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বৈদ্যনাথ মুর্মু(২৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে এলাকার একটি দোকানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস।



