সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের ভূয়েরা এলাকায় কালভার্টের নীচ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিস। মানকর-ভূয়েরা রাস্তায় বেলেমাঠ এলাকায় বোমাগুলি একটি প্লাস্টিকের বালতিতে রাখা ছিল। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা সেগুলি দেখে পুলিসকে খবর দেন। পরে পুলিস সেই জায়গা ঘিরে বম্ব স্কোয়াডকে খবর দেয়। বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করে। আউশগ্রাম থানার পুলিস তদন্ত শুরু করেছে। বোমাগুলি কারা সেখানে রেখে গেল তা তারা খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আউশগ্রামে শাসকদলের দু’টি গোষ্ঠীর মধ্যে রেষারেষি শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি চলে।



