সংবাদদাতা, বর্ধমান: পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা দেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম শেখ হারন ও অয়ন চট্টোপাধ্যায়। আউশগ্রাম থানার ইটাচাঁদায় হারনের বাড়ি। অয়নের বাড়ি শক্তিগড় থানার রাইপুরে। বৃহস্পতিবার রাতে হারনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় অয়নের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। হারনকে জাল জন্ম শংসাপত্র পেতে অয়ন সাহায্য করেছে বলে জেনেছে পুলিস। টাকার বিনিময়ে সে হারনকে জাল শংসাপত্র পাইয়ে দেয়। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। শুক্রবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, পাসপোর্ট পাওয়ার জন্য হারন আবেদন করে। আবেদনের সঙ্গে সে বিভিন্ন নথিপত্র জমা দেয়। আবেদনটি ভেরিফিকেশনের জন্য পূর্ব বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। হারনের জন্ম শংসাপত্র নিয়ে সন্দেহ হয় গোয়েন্দা দপ্তরের। জন্ম শংসাপত্রটি বর্ধমান পুরসভা থেকে দেওয়া হয় বলে দাবি করে হারন। শংসাপত্রে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার জন্ম হয় বলে লেখা ছিল। এনিয়ে গোয়েন্দা দপ্তর থেকে বর্ধমান পুরসভায় জানতে চাওয়া হয়। এ ধরনের শংসাপত্র দেওয়া হয়নি বলে গোয়েন্দা দপ্তরকে লিখিতভাবে জানিয়ে দেয় পুর কর্তৃপক্ষ। এরপরই এনিয়ে গোয়েন্দা দপ্তরের তরফে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করেছে থানা।



