সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের দীননাথপুরে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ওই বাড়ির তালা ভেঙে সোনারুপোর গয়না ও নগদ টাকা চুরি হয়েছে। শনিবার সকালে পড়শিরা এসে দেখতে পান, বাড়ির তালা ভাঙা। পরে ছোড়া ফাঁড়ির পুলিস এসে তদন্ত শুরু করে। পুলিস জানিয়েছে, আউশগ্রামের দীননাথপুরের বাসিন্দা সুনীল সেনগুপ্তের বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি স্ত্রী ইতিকা সেনগুপ্তকে নিয়ে কলকাতায় ছেলের কাছে গিয়েছিলেন। বাড়ি দেখভালের জন্য এক পড়শিকে চাবি দেওয়া থাকে। ওই পড়শি এদিন সেই বাড়িতে গিয়ে দেখেন, মূল দরজার তালা ভাঙা। ঘরের ভেতরের আলমারিও খোলা। গয়নার বাক্সগুলি এলোমেলো অবস্থায় রয়েছে। এরপর ওই পড়শি বাকিদের ডাকেন। খবর পেয়ে বিকেলে বাড়ি ফিরে আসেন সুনীলবাবু। তিনি বলেন, সোনা ও রুপোর কিছু গয়না ও নগদ প্রায় ৩৫-৪০ হাজার টাকা চুরি হয়েছে। আমি পুলিসে অভিযোগ জানিয়েছি।



