সংবাদদাতা, মানকর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মঙ্গলকামনায় আউশগ্রামের দিগনগরে শনিবার কালীপুজোর আয়োজন করা হল। আউশগ্রাম-১ ব্লকের দিগনগর সিলভার জুবিলি ইন্সটিউশনের পাশেই কালীপুজোর আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবী স্থানীয়দের কাছে রক্ষাকালী মা নামে পরিচিত। ১০০ বছরেরও বেশি প্রাচীন এই পুজো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে মঙ্গল বা শনিবার আয়োজন করা হয়।
Advertisement
পুরোহিত মিলন চট্টোপাধ্যায় ও অশোক চট্টোপাধ্যায় বলেন, পুজোর দিনই এখানে খড়-মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয়। তারপর রং হয়। মূর্তি তৈরির পর পুজো শুরু হয়। পুজো শেষ করেই বিসর্জনের রীতি রয়েছে। এটাই এই পুজোর প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও, মায়ের মূর্তির আরএকটি বিশেষত্ব হচ্ছে, এখানে মা শুধু একাই থাকেন। মায়ের পদতলে শিব থাকেন না। বংশ পরম্পরায় নাগ পরিবারের সদস্যরা মায়ের মূর্তি তৈরি করে আসছেন। রাত ৯টায় পুজো শুরু হয়। চলে প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত। সাধারণ ভক্তদের সঙ্গে বহু পড়ুয়া ও অভিভাবক পুজোয় উপস্থিত থাকেন। কয়েক হাজার মানুষের ভিড় হয়।
স্থানীয় বাসিন্দা অর্পণ সেন বলেন, পড়ুয়াদের মঙ্গল কামনায় এই পুজো দেখতে দিগনগর ছাড়াও তেলতা, আনন্দবাজার, কলাইঝুঁটি সহ একাধিক গ্রামের মানুষ ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা অর্পণ সেন বলেন, পড়ুয়াদের মঙ্গল কামনায় এই পুজো দেখতে দিগনগর ছাড়াও তেলতা, আনন্দবাজার, কলাইঝুঁটি সহ একাধিক গ্রামের মানুষ ভিড় করেন।



