সংবাদদাতা, বর্ধমান: কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতের নাম আনন্দ মাঝি ওরফে অনু। আউশগ্রাম থানার অভিরামপুরে তার বাড়ি। সোমবার ভোরে আউশগ্রাম থানার আনন্দবাজার বাসস্টপ থেকে তাকে ধরা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে চারদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন বিচারক। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ জ্যাঠার বাড়ি থেকে ঘরে ফিরছিল বছর তেরোর ওই কিশোরী। পথে বাজারে সে কিছু কেনাকাটা করে। বাজারের কাছেই আনন্দ তাকে ডাকে। কিশোরীর বাবা তার পরিচিত বলে তাকে সে জানায়। এরপর হাত ধরে একটি ঘরে কিশোরীকে নিয়ে যায় সে। সেখানে সে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরী তার হাতে কামড়ে দেয়। যন্ত্রণায় অভিযুক্ত কিশোরীকে ছেড়ে দেয়। এরপর কিশোরী চিৎকার শুরু করে। অভিযুক্তের অপর এক সঙ্গী তাকে আটকানোর চেষ্টা করে। কিশোরী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।



