সংবাদদাতা, কাটোয়া: বাইকে চড়ে বাড়ি ফেরার পথে মঙ্গলবার দুপুরে আউশগ্রামের শিবদায় কন্টেনারের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হল। গাড়িটি বেপরোয়া গতিতে এসে দু’জনকে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় বাসিন্দারা বাইক আরোহী দু’জনকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম অসীম দাস(২৮) ও সুবীর হালদার(২৭)। বাড়ি গুসকরা শহরের সুভাষপল্লি এলাকায়। দুর্ঘটনার পরই এলাকার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখান। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়ক ধরে বাইকে চেপে অসীম ও সুবীর বাড়ি ফিরছিলেন। আউশগ্রামের শিবদার মোড়ে আচমকা দু’জনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। পিছন থেকে তখনই কন্টেনারটি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, গাড়িটি দ্রুতগতিতে এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিস ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মৃত দু’জন গুসকরা বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। বাইকে চেপে জাতীয় সড়ক ধরে শিবদার মোড় হয়ে ব্যবসার কাজে গিয়েছিলেন। দুপুরে তাঁরা ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, জাতীয় সড়কে শিবদার মোড়, গুসকরা কলেজ মোড় এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পুলিসের পক্ষ থেকে পথ নিরাপত্তা ও সচেতনতা শিবির করা হচ্ছে। তা সত্ত্বেও দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।



