Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে উজান পার্ক  

আউশগ্রামে দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে উজান পার্ক  
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের রাধামোহনপুরের উজান পার্ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, লক্ষাধিক টাকা খরচ হয়েছিল পার্ক তৈরিতে। অথচ বর্তমানে এই পার্ক চালু করা যায়নি। জঙ্গলে ভরা পার্কে অসামাজিক কাজ চলছে বলেও অভিযোগ। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ সালে প্রায় ৭০ বিঘা জমিতে উজান পার্ক তৈরি করা হয়েছিল। পার্কে অতিথিদের থাকার জায়গা থেকে শুরু করে তোরণ নির্মাণ শুরু হয়েছিল। বেশকিছু কাজ সম্পূর্ণও হয়। কিন্তু এখন পার্কটি ঝোপ-জঙ্গলে পূর্ণ হয়ে আছে। কিছু সামগ্রী চুরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পার্কের ভিতরে বিশ্ব ব্যাঙ্কের টাকায় জলাশয় খনন করা হয়েছিল। আমরা ভেবেছিলাম জলাশয়ে মাছচাষ হবে। এলাকার বাসিন্দারা কাজ পাবে। কিন্তু এখন জলাশয় শুকিয়ে গিয়েছে। গোটা পার্ক জঙ্গলে ভরে গিয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেল তোরণের অবস্থা বেহাল। জং ধরেছে লোহার তোরণে। এমনকী তোরণে লেখা পার্কের নামের প্রথম অক্ষরটিও নেই। খুলে পড়ে গিয়েছে। যেসব বাহারি গাছ লাগানো হয়েছিল তার অনেকটাই জঙ্গলে ঢাকা পড়েছে। ছোট শিশুদের জন্য দোলনা সহ খেলার নানা সামগ্রী থাকলেও দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। পার্কে গবাদি পশু চরছে। এলাকার এক বাসিন্দা বলেন, পার্কে যাওয়ার জন্য ঢালাই রাস্তা করা হয়েছিল। পানীয় জলের জন্য পাম্প বসানো হয়েছিল। কিন্তু পানীয় জলের পাইপ লাইন এখন ভেঙে পড়ছে। পার্কটি বেহাল হয়ে থাকায় এলাকার কচিকাঁচারা খেলাধুলো করার সুযোগ পাচ্ছে না। পার্কে সমাজবিরোধী কার্যকলাপ হচ্ছে। বিজেপি নেতা রাজু পাত্র অভিযোগ করে বলেন, তৃণমূলের দুর্নীতির অন্যতম উদাহরণ উজান পার্ক। লক্ষ লক্ষ টাকা নয়ছয় হয়েছে। সম্পদ সৃষ্টির জন্য পার্ক করা হলেও সাধারণ মানুষের কোনও কাজে লাগেনি। যা নিয়ে এড়াল পঞ্চায়েতের প্রধান পানো মাড্ডি বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগে থেকেই পার্কটি এই অবস্থায় পড়ে আছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আউশগ্রাম-২ ব্লকের বিডিও চিন্ময় দাস বলেন, পার্কের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। পর্যটন প্রকল্প করার পরিকল্পনা রয়েছে। 
সম্পর্কিত সংবাদ