Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে বালি খাদানের অফিসে হামলায় গ্রেপ্তার ৪

আউশগ্রামে বালি খাদানের অফিসে হামলায় গ্রেপ্তার ৪
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালি খাদানের লিজহোল্ডারের অফিসে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগে বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম নাসির আলি খান, শহিদ খান, সিন্টু শেখ ও নূরজামাল শেখ। সিন্টুর বাড়ি আউশগ্রাম থানার কাঁটাটিকুরি গ্রামে। বাকিদের বাড়ি ওই থানারই সাঁতলা গ্রামে।ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। তবে রায়ে বাসিন্দাদের জমা দেওয়া চিঠির বিষয়টি উল্লেখ করেছেন সিজেএম। এঘটনায় বোলপুর থানার ভুবনডাঙার বাসিন্দা শাজাহান শেখ অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, বীরভূমের চন্দনপুর মৌজায় লিজ নিয়ে তিনি খাদান চালাচ্ছেন। নিয়ম মেনে ঘাট থেকে বালি তোলা হচ্ছে। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কয়েকজন লাঠি, রড প্রভৃতি নিয়ে ঘাটের কর্মীদের উপর চড়াও হয়। ফিতে নিয়ে ঘাটের মাপজোক শুরু করে। কর্মীদের গালিগালাজ, বালির ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এলাকা দিয়ে ট্রাক্টর চালানো যাবে না বলে হুমকি দেওয়া হয়। খাদানের দুই কর্মী বাধা দিলে তাঁদের মারধর করা হয়। বালি খাদানের অফিসে ভাঙচুর, কম্পিউটারের ক্ষতি করা হয়। নিয়ম ভেঙে বালি তোলা নিয়ে স্থানীয়রা ওই লিজহোল্ডারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের নানা মহলে নালিশ জানিয়েছেন। অবৈধভাবে বালি তোলার বিষয়ে তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, অজয় নদ থেকে বেআইনিভাবে পাম্পের সাহায্যে ৭০-১০০ ফুট নীচ থেকে বালি তোলা হচ্ছে। এর জেরে এলাকায় জলের সমস্যা দেখা দিচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ