নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সোমবার বিকেলে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশুকন্যা সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আফরিন খাতুন ও মানসী খাতুন(৩৪)। তাদের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙায়। সম্পর্কে তারা মামি ও ভাগ্নি ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুটি চালিয়ে চাঁপাডাঙা থেকে দিলবার আলি ওই শিশুকন্যা ও মহিলাকে সঙ্গে নিয়ে আরামবাগে আসছিলেন। সেই সময় বৃষ্টিও হচ্ছিল। মায়াপুর সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে একটি লরি তাঁদের ধাক্কা মারে। পড়ে গেলে লরির চাকায় পিষ্ট হয় ওই শিশুকন্যা। স্কুটি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলা। পুলিস খবর পেয়ে দ্রুত সেখান থেকে তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যা ও মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



