অডিটোরিয়ামের অনুমতি বাতিল, রাস্তাতেই সভা করবে বামফ্রন্ট
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: অডিটোরিয়ামের অনুমতি বাতিল। প্রশাসনের অনুমতি ছাড়া আজ, সোমবার এসআইআরের বিরোধিতায় মালদহে রাস্তাতে সভা করবে বামেরা। সেক্ষেত্রে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্রের বক্তব্য, এর আগেও একাধিক ক্ষেত্রে আমাদের সভা বানচাল করতে একেবারে শেষ মুহূর্তে অনুমতি বাতিল করা হয়েছে। এবারও সেটাই হয়েছে। কিন্তু আমরা কর্মসূচি বাতিল করছি না। রথবাড়ি মোড়ে আমাদের সভা হবে। সেক্ষেত্রে পুলিশ মামলা দিলে দেবে। গ্রেপ্তার করলে করবে। আমরা ভয় পাই না। 

Advertisement

বামেদের দাবি, মালদহে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের নাম এসআইআরে বাদ গিয়েছে। এর মধ্যে বহু মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। কিন্তু শুনানি হচ্ছে না। ফলে ওইসব মানুষজন গভীর উদ্বেগে রয়েছেন। সামনে পুরসভা ভোট। শহরের ডিলিট ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। এসআইআর নিয়ে মালদহ জেলা সিপিএম সুপ্রিম কোর্টে মামলায় যুক্ত হতে চলেছে বলেও এদিন জানিয়েছেন দলের জেলা সম্পাদক। তিনি বলেন, আমরা সারা জেলা থেকে ডিলিট ভোটারদের তথ্য সংগ্রহ করছি। বস্তায় ভরে জেলা পার্টি অফিসে সেই তথ্য আসছে। আমরা সবটা নিয়ে শীঘ্রই দেশের শীর্ষ আদালতে যাব।
কিছুদিন আগে এসআইআর বিরোধী আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে মালদহে আসেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেক্ষেত্রে ইংলিশবাজার শহরে ফোয়ারা মোড়ের কাছে সিপিএমের পক্ষ থেকে সভা করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু বিজেপির কর্মসূচির জন্য তাদের আবেদন বাতিল হয়। ফলে ফোয়ারা মোড় থেকে বেশ কিছুটা সরে এসে এলআইসি মোড়ের কাছে সভা করে সিপিএম। এক্ষেত্রে জেলা বামফ্রন্টের আহ্বায়কের দাবি, আমরা টাকা দিয়ে মালদহ কলেজ অডিটোরিয়ামে দুর্গাকিঙ্কর সদন বুকড করেছিলাম। কিন্তু একেবারে শেষমুহূর্তে, শনিবার রাতে আমাদের জানানো হয় সরকারি প্রোগ্রাম থাকায় আমরা অডিটোরিয়াম পাব না। সেক্ষেত্রে আমাদের ছোট অডিটোরিয়াম নিতে বলা হয়। নয়তো সভার দিন পরিবর্তন করতে বলা হয়। কিন্তু দু’টোর কোনোটাই সম্ভব নয়। কারণ, সমগ্র জেলা থেকে ডিলিট ভোটার ও ট্রাইব্যুনালে আবেদন করা বহু ভোটার আসবেন। সেইসঙ্গে আমাদের কর্মী-সমর্থকরা আছেন। ফলে ছোট হলঘরে জায়গার সংকুলান হবে না। আর প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ যেহেতু অনেকে এই সভা ও প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসছেন তাই কর্মসূচির দিন বদল সম্ভব নয়। সেকারণে আমরা রাস্তাতেই সভা করব। সেটা পুলিশকে জানিয়েও দিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে গোটা কর্মসূচি করব। কিন্তু পুলিশ বাধা দিলে ফল ভালো হবে না। • নিজস্ব চিত্র।