Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অডিটোরিয়াম নির্মাণের কাজ বন্ধ, ঠিকাদার সংস্থাকে তলব পুরসভার

অডিটোরিয়াম নির্মাণের কাজ বন্ধ, ঠিকাদার সংস্থাকে তলব পুরসভার
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ঘোষিত খড়্গপুর শহরের অডিটোরিয়াম নির্মাণের কাজ। এদিকে প্রায় দু’কোটি টাকা বছরের পর বছর ধরে পড়ে আছে পুরসভার কোষাগারে। অভিযোগ, কাজ শেষ করার কোনও হেলদোলই নেই পুরসভার। যদিও পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে ডাকা হয়েছে। দ্রুত যাতে কাজ শুরু করা যায়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে ৬০০ আসন বিশিষ্ট বাতানুকূল অডিটোরিয়াম হওয়ার কথা। প্রসঙ্গত, খড়্গপুর শহরে সভা সমিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো সেরকম কোনও অডিটোরিয়াম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে শহরে একটি অডিটোরিয়ামের অনুমোদন করেন। ঩সেই সময় দলের দুই রাজ্যসভার সদস্য এই কাজের জন্য আড়াই কোটি করে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেন। তাতে খুশি হন শহরের সংস্কৃতিপ্রেমী মানুষ। তাঁরা নিশ্চিত হন, মুখ্যমন্ত্রী যখন নিজে অডিটোরিয়ামের ঘোষণা করেছেন, টাকা বরাদ্দ হয়েছে, তখন দ্রুত তা নির্মাণ করে শহরবাসীর জন্য খুলে দেওয়া হবে। কিন্তু প্রায় পাঁচ বছর হতে চলল সেভাবে কাজ এগয়নি। প্রথমে অডিটোরিয়াম নির্মাণের কাজ পূর্তদপ্তর করবে বলে ঠিক হয়। কিন্তু তারা প্রচুর টাকার প্রকল্প তৈরি করায় তা বাতিল করে দেওয়া হয়। ঠিক হয় পুরসভাই এই কাজ করবে। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। অনুষ্ঠান করে জেলা প্রশাসন পুরসভার হাতে পাঁচ কোটি টাকা তুলে দেয়। যেখানে পুরসভার টাউন হল ছিল, তা ভেঙে সেই জায়গায় অডিটোরিয়াম তৈরির কাজ শুরু হয়। কিন্তু কিছুটা কাজ এগিয়ে বন্ধ হয়ে যায়। এর ভেতর চেয়ারম্যানও বদল হয়ে যায়। পুরসভা সূত্রে খবর, প্রায় দেড় বছর কাজ বন্ধ হয়ে আছে। চেয়ারপার্সন বলেন, আমার আগের বোর্ড কাজের বরাত দিয়েছিল। সেই সংস্থা প্রায় দেড় বছর ধরে কাজ বন্ধ করে রেখেছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ