নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের প্রতিবাদ, অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড সহ মুসলিম সংগঠনগুলির বিক্ষোভকে উড়িয়ে দিয়ে মোদি সরকার ওয়াকফ বিলকে আইনে পরিণত করতে চাইছে। কিন্তু প্রশ্ন হল, সকরকারের প্রাণভোমরারা কী করবে? ২৪০ আসন পাওয়া নরেন্দ্র মোদির সরকার টিকিয়ে রাখার প্রধান দুই স্তম্ভ নীতীশকুমার এবং চন্দ্রবাবু নাইডু এখনও পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে তাদের অবস্থান সংসদের অভ্যন্তরে খোলসা করে বলেনি। ঈদের পর সংসদের সভা আবার যেদিন বসবে, সেই মঙ্গল অথবা বুধবার ওয়াকফ বিল পেশ করে পাশ করানোর চেষ্টা হবে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারপক্ষ এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। প্রধানমন্ত্রীও যাচ্ছেন থাইল্যান্ড বিমস্টেক বৈঠকে যোগ দিতে। মোদি দেশের বাইরে থাকাকালীন কি এরকম গুরুত্বপূর্ণ বিল পাশ করানো হবে? সেই প্রশ্নও উঠছে। তবে এসব জল্পনার আড়ালে মোদি সরকার তথা বিজেপির উদ্বেগ বাড়িয়েছে, দুই প্রধান জোট শরিকের রহস্যময় আচরণ। শনিবার ছিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমের ৪৪ তম প্রতিষ্ঠাদিবস। এই প্রতিষ্ঠাদিবসের প্রাক্কালে শুক্রবার চন্দ্রবাবু নাইডু বলেছিলেন,ওয়াকফ সম্পত্তির উপর মুসলিমদের অধিকার খর্ব করতে তিনি দেবেন না। শনিবারও তাঁর দল দিল্লিতে বলেছে, ধর্মীয় বিভাজন নয়, তেলুগু দেশম সর্বদাই ঐক্যের উপর জোর দিয়েছে। কিন্তু সংসদে বিল এলে আপনারা কী করবেন? এই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি দল।



