নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রাতে মদের আসরে এক যুবককে ডেকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগে রহড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় সুরজ খান নামের ওই যুবক সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। রহড়া থানার পুলিশ অভিযুক্ত যুবক শেখ হাবিবুলকে গ্রেফতার করেছে। ধৃতকে এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। আক্রান্ত সুরজ খানের বাড়ি রহড়া থানার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাদিঘলা। ধৃতের বাড়িও ওই এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ধৃত যুবক ও আক্রান্ত যুবক মাঝেমধ্যে একইসঙ্গে নেশার আসরে বসত। মাস খানেক আগে মদের আসরে বচসাও হয়। বৃহস্পতিবার রাতে ফের মদ খাওয়ার জন্য সুরজকে লিচু বাগানে ডেকে নিয়ে যাওয়া হয়। সেই আসরে ঝামেলা চলার সময় ধৃত হাবিবুল সুরজের পেটে ছুরি চালিয়ে দেয়। সুরজের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুরজের দাদা শেখ রাজা খান বলেন, আমার ভাইয়ের সঙ্গে আগে ওদের মদের দোকানে ঝামেলা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ফের মদ খাওয়াবে বলে ডেকে নিয়ে গিয়েছিল। আগের সেই রাগ থেকে ওরা ভাইকে খুনের চেষ্টা করে।



