নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বি এন বসু হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে দুই মহিলা গ্রেপ্তার হয়েছিলেন মঙ্গলবার। বুধবার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রোগী কল্যাণ সমিতির কর্তারা। বৈঠকে হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ডাক্তারের অভাব নিয়ে স্বাস্থ্য ভবনের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, বারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল, হাসপাতালের সুপার সুদীপা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। সেখানে মঙ্গলবারের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কি করে বহিরাগতরা ওয়ার্ডে ঢুকে পড়ল, গাফিলতি কার, তা খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ঠিক হয়েছে, প্রসূতি ওয়ার্ডে বা শিশুদের ওয়ার্ডে অবাঞ্ছিত মানুষের প্রবেশ বন্ধ করতে হবে। নিরাপত্তা জোরদার করতে হবে। নজরদারি বাড়াতে হবে। বৈঠকে চিকিৎসকের অভাব নিয়েও আলোচনা হয়েছে। বারাকপুরের বিধায়ক বলেন, চিকিৎসকের অভাব রয়েছে ঠিকই। আমরা সেই বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনের নজরে এনেছি। আশা করছি, প্রয়োজনমতো চিকিৎসক পেয়ে যাব। সেই সঙ্গে তৃণমূল আমলে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে যে কাজ শুরু হয়েছিল, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিশু চুরির যে অভিযোগ উঠেছিল, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে এদিনের বৈঠকে সতর্ক করে দেওয়া হয়েছে।



