Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

রামপুরহাটে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচারের চেষ্টা! একটি গাড়ি আটক গ্রেপ্তার চালক

রাজস্ব ফাঁকি দিয়ে রামপুরহাটে প্রাকৃতিক সম্পদ লুটের চাঞ্চল্যকর কৌশল প্রকাশ্যে এল

রামপুরহাটে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচারের চেষ্টা! একটি গাড়ি আটক  গ্রেপ্তার চালক
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রাজস্ব ফাঁকি দিয়ে রামপুরহাটে প্রাকৃতিক সম্পদ লুটের চাঞ্চল্যকর কৌশল প্রকাশ্যে এল। ডাম্পারের নীচে আস্ত পাথর রেখে তার ওপর পাথরের গুঁড়ো ঢাকা দিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। রামপুরহাটের ডিসিআর গেটে পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে গেল সেই চালাকি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ডিসিআর গেটে রাজস্ব না দিয়ে একটি ডাম্পারকে চলে যেতে দেখে দাঁড় করানো হয়। অপাতদৃষ্টিতে মনে হয়েছিল গাড়িটিতে পাথরের গুঁড়ো নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সন্দেহ হওয়ায় গাড়ির উপরে উঠে ভালো করে পরীক্ষা করতেই চোখ কপালে পুলিশের। দেখা যায়, পাথরের গুঁড়োর নীচে বোঝাই করা রয়েছে পাথর। পাথরের গুঁড়ো নিয়ে গেলে রাজস্ব দিতে হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে পাথর পাচার করা হচ্ছিল। 
তৎক্ষণাৎ ডাম্পারটিকে আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়িটির চালক চঞ্চল রাজবংশীকে। পুলিশ জানিয়েছে, ধৃত চালক পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা। রাজস্ব ফাঁকি দিয়ে প্রাকৃতিক সম্পদ পাচারের অভিযোগে ডাম্পারের মালিকের বিরুদ্ধেও সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ধৃত চালককে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, পুলিশ সাতদিন হেপাজতে চেয়েছিল। বিচারক ধৃতকে একদিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, স্থানীয় জেলা প্রশাসন একাধিকবার সতর্ক করা সত্ত্বেও রামপুরহাট এলাকায় প্রাকৃতিক সম্পদ পাচার রোখা যাচ্ছে না। প্রশাসনিক তথ্য অনুযায়ী, রামপুরহাটে একটিও বৈধ পাথর খাদান নেই। ফলে আশপাশের এলাকা থেকে অবৈধভাবে পাথর কেটে অন্য জেলায় পাচারের চক্র সক্রিয় হয়ে উঠেছে। 
উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সমীকরণ তৈরি করে মাফিয়াদের এই বেপরোয়া পুনরুত্থান আগের মতো পরিস্থিতি তৈরি করেছে। কোথাও বালি ট্রাক্টরে লোড করে উপরে পাথরের গুড়ো ছিটিয়ে পাচার চলছে। কোথাও  নদী থেকে বালি তুলে সরাসরি ট্রাক্টরে না পাঠিয়ে, গ্রামের রাস্তার ধারে ছোট ছোট স্তূপ বা ‘ডাম্প’ তৈরি করা হচ্ছে। সেখান থেকে মোটরভ্যানের মতো ছোট গাড়িতে বস্তাবন্দি করে বালি সরানো হচ্ছে। এবার সেই সঙ্গে রাতের অন্ধকারে বড় বড় ডাম্পারে উপরে গুঁড়ো ছিটিয়ে নীচে পাথর লোড করে চলছে প্রাকৃতিক সম্পদ লুট। 
স্থানীয়দের মতে, রাজনৈতিক ক্ষমতার হাতবদল হলেও পাথর ও বালি মাফিয়াদের দাপট কমেনি। তারা দ্রুত নতুন সমীকরণ তৈরি করে ফের সক্রিয় হয়ে উঠেছে। যদিও পুলিশ জানিয়েছে, রাজস্ব ফাঁকি দিতেই এই অভিনব পন্থায় পাথর পাচারের চেষ্টা করা হচ্ছিল। ডিসিআর গেটে চেকিংয়ের জেরেই পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনো পাচার চক্র সক্রিয় কি না এবং এই অবৈধ পাথর কোন এলাকা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে গাড়ির মালিকের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ