Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি জমি দখলের চেষ্টা পাঁচকেলগুড়িতে

মাটিগাড়া ব্লকের পাঁচকেলগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগ তুলে সোমবার থানায় গণডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

সরকারি জমি দখলের চেষ্টা পাঁচকেলগুড়িতে
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়া ব্লকের পাঁচকেলগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগ তুলে সোমবার থানায় গণডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পাঁচকেলগুড়িতে কয়েক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। গ্রামবাসীদের অভিযোগ, মালিকানার দাবি করে এক ব্যক্তি ওই জমি দখল করার চেষ্টা করছে। এতে মদত দিচ্ছে বেশ কয়েকজন জমি মাফিয়া। এদিন মাটিগাড়া বিডিও অফিসে গণস্বাক্ষর করে স্মারকলিপি দেওয়ার পর মাটিগাড়া থানায় এসে বিক্ষোভে শামিল হন কয়েকশো গ্রামবাসী। এনিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় থানা চত্বরে। পরে বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন মাটিগাড়া থানায় স্মারকলিপি জমা দেন। 

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা এলাকায় বাস করছেন। মন্দির, খেলার মাঠ ও বাড়িঘর রয়েছে এলাকায়। ২০০২ সাল থেকে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ারা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দ্বারস্থ হলে জমিটি চিহ্নিত করে দেওয়া হয়। পরবর্তীতে ২০১১ সালে গ্রাম পঞ্চায়েতের তরফে সরকারি বোর্ডও লাগানো হয়েছিল জমিতে। তবে সেই বোর্ড সরিয়ে পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে কয়েকজন। 
এনিয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা তপন রায় বলেন, দীর্ঘদিন ধরেই ওই জমির উপর নজর রয়েছে মাফিয়াদের। একসময় সেখানে ৭২ বিঘা সরকারি জমি ছিল। তবে বর্তমানে প্রায় ১৪ বিঘা সরকারি জমি অবশিষ্ট রয়েছে। শিলিগুড়ির এক ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় কয়েকজনের মদত রয়েছে এতে। প্রতিবাদী গ্রামবাসীদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে। এনিয়ে আমরা থানা ও বিডিও’র দ্বারস্থ হয়েছি। দ্রুত ওই জমি জরিপ করে চিহ্নিত করতে হবে সেখানে কতটা সরকারি জমি রয়েছে। আমরা কোনও মতেই ওই জমি বেহাত হতে দেব না। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। 
এ বিষয়ে মাটিগাড়ার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দাওয়া লামু ভুটিয়া বলেন, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখব।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ