বেঙ্গালুরু: এসআইআর চলাকালীন ‘ফর্ম ৭’-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে মুসলিমদের নাম! কর্ণাটকে এই ঘটনায় আঙুল উঠেছে খোদ বিজেপি নেতার বিরুদ্ধে। এবার বেলাগাভি জেলার সেই বিজেপি নেতা রবি পাতিল ও অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী মীরাসাব সানাড়ি বেলাগাভি উত্তর বিধানসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)। তাঁর দাবি, চলতি এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ৭-এর অপব্যবহার করে ভোটার তালিকা থেকে ১৯৮ জন মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছেন রবি পাতিলরা। শুক্রবার পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর এফআইআর দায়ের হয়েছে বেলাগাভি মার্কেট থানায়। এসআইআরে কারচুপির অভিযোগে আরও অন্তত দু’টি এফআইআরের খবর মিলেছে কর্ণাটকে। এর মধ্যে একটি মাইসুরুতে। এবং এক্ষেত্রেও অভিযোগের দিক বিজেপি নেতাদের বিরুদ্ধে।



