Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি দখলের চেষ্টা, প্রতিবাদ করে আক্রান্ত বরানগরের বিজেপি নেতা

বুধবার রাতে বরানগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়ায় বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ভোজালির কোপ মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

বাড়ি দখলের চেষ্টা, প্রতিবাদ করে আক্রান্ত বরানগরের বিজেপি নেতা
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার রাতে বরানগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়ায় বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ভোজালির কোপ মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেতার নাম সোমনাথ ধর। বরানগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রঞ্জিত ধর ও শুভঙ্কর ধর। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, রঞ্জিত ও শুভঙ্কর এলাকায় দাপট দেখাত। তারা তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। অভিযোগ, এই বাবা ও ছেলে পাশের সোমনাথ ধরের বাড়ি দখলের চেষ্টা করছিল। সোমনাথবাবুর পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিজেপি জেতার পর সোমনাথ বুধবার রাতে রঞ্জিতকে পালটা হুমকি দেন বলে অভিযোগ। ঝামেলা চলার সময় রঞ্জিত ও শুভঙ্কর ভোজালি নিয়ে সোমনাথবাবুর উপর হামলা চালায়। সোমনাথকে বাঁচাতে ছুটে আসেন তাঁর দিদি সোমা ধর। তাঁর হাতেও ভোজালির কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমনাথবাবুকে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে। সোমাদেবীর অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বাড়ির একটা অংশ দখল নেওয়ার চেষ্টা করছিল রঞ্জিত ও শুভঙ্কর। এর জন্য তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে আচমকা সোমনাথের উপর চড়াও হয় তাঁরা। চিৎকার চেঁচামেচি শুনে আমিও নিচে গিয়েছিলাম। ভাইকে বাঁচাতে যেতে আমার হাতেও কোপ দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ