নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাশের ফ্ল্যাটে পরিচারিকাকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক পরিচারকের বিরুদ্ধে। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, জল খাওয়ার নাম করে কলিং বেল টিপেছিল ভবানীপুরে একটি ফ্ল্যাটের পরিচারক। গেট খুলতেই তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দরজা বন্ধ করে ধর্ষণের অভিযোগ উঠেছে পরিচারকের বিরুদ্ধে। বাধা দেওয়ায় লাঠি দিয়ে মেরে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। সোমবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরিচারক অর্জুন প্রসাদ যাদবকে রাতেই গ্রেপ্তার করেছে থানা।
নির্যাতিতা তরুণী ভবানীপুরের ওই ফ্ল্যাটে অনেকদিন ধরে কাজ করছেন। বাড়ির সকলে বাইরে বেড়াতে যাওয়ায় তিনি ফ্ল্যাটে একা ছিলেন। বুধবার সকলের ফেরার কথা। পাশের ফ্ল্যাটে কুকুর দেখভালের কাজ করত অভিযুক্ত অর্জুন। অনেকদিন ধরে সে বিরক্ত করছিল তরুণী পরিচারিকাকে। সোমবার খেয়াল করে, নির্যাতিতা একা রয়েছেন ফ্ল্যাটে। রাত নটা নাগাদ সে কলিং বেল বাজায়। জল খাওয়ার অছিলায় তাঁর সঙ্গে কথা বলে। তারপর তরুণী পরিচারিকাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় সে। এরপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাধা দিলে হাতের কাছে থাকা লাঠি এনে অভিযুক্ত তাঁর হাতে ক্রমাগত আঘাত করতে থাকে। এতে হাত ভেঙে যায় পরিচারিকার। তিনি তারপরেও চিৎকার করতে থাকায় বাইরে বেরিয়ে যায় অভিযুক্ত। নির্যাতিতা প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁরাই তাঁকে থানায় নিয়ে যান। সেখানে তিনি ধর্ষণের অভিযোগ করলে পুলিশ কেস রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।