নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৭ সালে ৫০ বছরে পড়বে। তার আগে রাজ্য সরকার আজ নবান্নে বইমেলা নিয়ে এক বৈঠকে বসে। বৈঠকে মুখ্য সচিব ছাড়াও ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ন্যাশনাল বুক ট্রাস্টের প্রতিনিধিরা। ছিলেন লাইব্রেরি দপ্তরের আধিকারিকরাও।
আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজনের দায়িত্বে থাকবে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। আর তার সঙ্গে সহযোগিতায় থাকছে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। আর বইমেলা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য একটি ২৪ জনের পরামর্শদাতা কমিটি তৈরি করে দিল রাজ্য সরকার। এই কমিটিতে একদিকে যেমন থাকছেন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি তেমনি থাকছেন পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের একাধিক প্রতিনিধি, সমাজসেবী, সাংবাদিক, লেখক, শিক্ষক, ন্যাশনাল বুক ট্রাস্ট এর প্রতিনিধি, ইজেডসিসির প্রতিনিধি। বইমেলা স্বচ্ছ এবং সুষ্ঠু ভাবে আয়োজন করতে এই অ্যাডভাইজারি কমিটি উদ্যোক্তাদের পরামর্শ দেবে। এই কমিটির তত্ত্বাবধানেই কাজ করবেন বইমেলার উদ্যোক্তারা।
এতদিন বইমেলার আয়োজন এর দায়িত্ব একক ভাবে ছিল বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ডের উপর। সংস্থার সভাপতি সুধাংশু শেখর দে জানান, ‘আসন্ন বইমেলায় গিল্ডের ভূমিকা কি হবে তা খতিয়ে দেখতে হবে। এবার যেহেতু আমাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকবে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং ন্যাশনাল বুক ট্রাস্ট দেখতে হবে তাদের ভূমিকা কি থাকে।’ তিনি জানান, সরকারের তৈরি করা বইমেলার পরামর্শদাতা কমিটির সঙ্গে আলোচনা করেই এগোবে ২০২৭ এর বই মেলার প্রস্তুতি।
২০২৭ এর কোলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ২২শে জানুয়ারি থেকে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।