নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার প্রকাশ্যেই বিজেপির এক নেতাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বসিরহাট শহরে। আক্রান্ত বিজেপি নেতা স্বপন রায়চৌধুরী বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। থানায় খুনের চেষ্টার অভিযোগ জানিয়েছে বিজেপি নেতার পরিবার। তদন্ত শুরু করেছে পুলিস। বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির শক্তিকেন্দ্রের প্রমুখ হলেন স্বপনবাবু। তিনি সংগঠনের সক্রিয় সদস্য। এদিন সকালে বসিরহাটের টাকি রোডের দালালপাড়া এলাকায় একদল দুষ্কৃতী তাঁকে পিছন থেকে ধারালো অস্ত্রের কোপ মারে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন এই বিজেপি নেতা। আক্রান্ত স্বপনবাবু বলেন, ‘আমি দলের সক্রিয় কর্মী। এদিন যখন আমি কাজে যাচ্ছিলাম, সেই সময় আমাকে কোপ মারে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাকে খুনের পরিকল্পনা করেছিল তারা। এ প্রসঙ্গে তৃণমূল নেতা সুরেশ মণ্ডল বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই স্বপনবাবুর উপর হামলা হয়েছে। কিছু হলেই তৃণমূলের নাম জড়িয়ে দেওয়াই বিজেপির কাজ। এতে আমাদের দলের কেউ জড়িত নয়।



