নিউ ইয়র্ক: সলমন রুশদির উপর ছুরি হামলায় অভিযুক্ত হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড। ২০২২ সালে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রুশদির উপর চড়াও হয় হাদি মাতার। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় রুশদিকে। ছুরির আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী ব্রিটিশ লেখক। অতি সঙ্কটজনক অবস্থায় দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রাণে বেঁচে গেলেও একটি চোখে দৃষ্টিশক্তি হারান ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। গত ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের একটি আদালতে এই ঘটনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে ২৭ বছরের হাদিকে ‘দোষী’ ঘোষণা করা হলেও শাস্তি ঘোষণা করা হয়নি। শুক্রবার তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। রুশদি সশরীরে কোর্টে না এলেও আক্রান্ত হিসেবে নিজের বক্তব্য আদালতকে জানিয়েছিলেন। কীভাবে মুখোশধারী আততায়ী তাঁর উপরে হামলা চালিয়েছিল, তার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন রুশদি।



