সংবাদদাতা, কাঁথি: এগরা থানার রাজেন্দ্রচক এলাকায় পুলিসের উপর হামলার ঘটনায় আরও ছ’জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হল। পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি রাজেন্দ্রচক এলাকায়। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আগেই এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিস। গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ন’জন। বৃহস্পতিবার সকলকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক একজনকে সাতদিন পুলিসি হেফাজত এবং বাকিদের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে এলাকার বিজেপি কর্মী তপন প্রামাণিকের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী শচীন বর সহ চারজন। পরবর্তীকালে বিজেপির লোকজনের হুমকিতে শচীন সপরিবারে ঘরছাড়া হয়ে যান। তাঁর জমির পাকা ফসল নষ্ট হচ্ছিল। দলের নেতাদের আবেদনের প্রেক্ষিতে গত ৪মে পুলিসি তদারকিতে শচীনের জমির ধান কাটা হচ্ছিল। সেই সময় বিজেপির লোকজন সেখানে জড়ো হন। বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের চেষ্টায় অভিযুক্ত শচীনকে গ্রেপ্তার না করে কেন তাঁর জমির ধান কাটায় পুলিস পাহারা দিচ্ছে, সেই প্রশ্ন তুলে পুলিসকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। পুলিসকর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এক অফিসার সহ চারজন পুলিসকর্মী জখম হন। তাঁরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে ৩০জনের বিরুদ্ধে মামলা রুজু করে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।



