নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গেরুয়া বাহিনীর হাতে আক্রান্ত হলেন মোদি বিরোধী কৃষক আন্দোলনের অন্যতম প্রধান মুখ রাকেশ টিকায়েত। এমনই অভিযোগ করেছে আন্দোলনকারীরা। টিকায়েতের মাথা থেকে তাঁর পাগড়ি খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ, রবিবার আবারও আন্দোলনকারী কৃষক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রের মোদি সরকারের। তার আগে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই পারদ চড়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মুজফফরনগরে কিষান সমাবেশের ডাক দিয়েছিলেন টিকায়েত। সেখানেই মঞ্চে উঠে তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। বিকেইউয়ের সর্বভারতীয় শীর্ষ নেতাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। তাঁর পাগড়ি খুলে দেওয়া হয়। যা অত্যন্ত অপমানজনক এবং অসম্মানজনক। আন্দোলনকারীদের অভিযোগ, হামলার সময় দুষ্কৃতীরা ‘মোদি’ ‘মোদি’ স্লোগানও দিচ্ছিল। ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েন টিকায়েত। তাঁর রক্তচাপ বেড়ে যায়। যদিও আন্দোলনকারী কৃষক নেতৃত্বের এহেন অভিযোগকে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।



