Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্রেয়ীর ঘাটে ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ বানাতে রাজ্যকে প্রস্তাব  

আত্রেয়ীর ঘাটে ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ বানাতে রাজ্যকে প্রস্তাব
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের সদরঘাট ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে বালুরঘাট পুরসভা। সদরঘাটে বসবে ওয়াচ টাওয়ার। আত্রেয়ীর পাড়ে  মনোরম পরিবেশে ওয়াচ টাওয়ারে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন শহরবাসী। ওয়াচ টাওয়ারে জন্মদিন পালন কিংবা ছোট অনুষ্ঠানও করা যাবে। সদরঘাটে তৈরি হবে মুক্ত মঞ্চ, বসার শেড। এমনকী দুর্গাপুজো ও কালীপুজোয় প্রতিমা নিরঞ্জনের জন্য র‍্যাম্প বানাবে পুরসভা। একগুচ্ছ কাজের প্রস্তাব ইতিমধ্যে রাজ্যের কাছে পাঠিয়েছে পুর কর্তৃপক্ষ। রাজ্যের তরফে অর্থের অনুমোদন মিললেই শুরু হবে এই কাজ। 
Advertisement
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, বালুরঘাটের অন্যতম সৌন্দর্য্য আত্রেয়ী নদী। নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সদরঘাটে একটি ওয়াচ টাওয়ার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সদর ঘাটটিকে ঢেলে সাজানোর জন্য নানা ধরনের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রাজ্যের কাছে  প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ এলেই কাজ শুরু হবে। পুরসভার সূত্রের খবর, এই কাজের জন্য ৬০ লক্ষের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এই টাকায় শহরের সদরঘাটে তৈরি হবে গার্ডওয়াল। সেখানেই তৈরি হবে ওয়াচ টাওয়ার। ঘাটে সারাবছর অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ তৈরি হবে। সেখানে সাহিত্য, আলোচনার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি করতে পারবে পুরসভা। ঘাটের পাশে শৌচালয়ও তৈরি হবে। 
পুরসভা বোর্ড মিটিং ডেকে আগেই এইসব কাজের সিদ্ধান্ত হয়েছে। ডিপিআরও তৈরি হয়েছে। সেই প্রস্তাব রাজ্যেও পাঠানো হয়েছে। ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ তৈরি হয়ে গেলে সকাল ও সন্ধ্যায় আত্রেয়ীর ঘাটে আরও বেশি মানুষের সমাগম হবে। 
সম্পর্কিত সংবাদ