Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্রেয়ী খাঁড়ির পাড় মাপা শুরু

আত্রেয়ী খাঁড়ির পাড় মাপা শুরু
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের জোড়া ব্রিজ সংলগ্ন আত্রেয়ী খাঁড়ির পাড় দখল করে নেওয়ার অভিযোগ উঠছে মাঝেমধ্যে। কখনও দোকানপাট, আবার খাঁড়ির পাড় বরাবর বাড়ি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের হয়েছে প্রশাসনের কাছে। এবার জেলা সেচ এবং ভূমি সংস্কার দপ্তর বালুরঘাটের জোড়া ব্রিজ এলাকায় খাঁড়ির জায়গা নির্ধারণে মাপজোখ শুরু করে দিল। ফিতে নিয়ে আধিকারিকরা খাঁড়ির দু’পাশের জমি চিহ্নিত করেন। 
Advertisement
দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হারিস রশিদ বলেন, অভিযোগের তদন্ত চলছে। পুরো জমি চিহ্নিত করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বালুরঘাট শহরে জোড়া ব্রিজের কাছে আত্রেয়ী সংলগ্ন খাঁড়ি দখল করে নির্মিত হচ্ছে দোকান। যা নিয়ে সরব হয়েছিলেন শহরের একাংশ বাসিন্দা। সেই খবর ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে সেচ দপ্তর। জেলা প্রশাসন, পুরসভা ও পুলিসকে চিঠি দিয়ে অবৈধ দোকানপাট সরাতে বলা হয়। তারপরেই প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। খাঁড়ি থেকে কত দূরে সেচ দপ্তরের জায়গা রয়েছে, সেটাই দেখা হচ্ছে। 
অভিযোগ, প্রশাসনের সামনে এমনভাবে জায়গা দখল হয়ে গেলেও কোনও পদক্ষেপই নেওয়া হয় না। এজন্য প্রশাসনকে চিঠি দিয়েছেন শহরের সচেতন নাগরিকরা। তাঁদের অভিযোগ, খাঁড়ির জায়গা ধীরে ধীরে দখল হয়ে গেলেও কেউ কর্ণপাত করছেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জায়গা খালি করা হলেও ফের দখল হচ্ছে। তাই দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে দাবি জোরালো হয়েছে।
আত্রেয়ী খাঁড়ির পাড় মাপজোখ চলছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ